ঢাকা, শুক্রবার   ১০ জুলাই ২০২৬

ইটিভি ডিজিটালে প্রতিমাসের দ্বিতীয় শনিবার দেখবেন ‘আইন ও আবাসন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২১, ১০ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

আবাসন খাত, আইন, নিরাপদ বিনিয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’ শুরু করছে একুশে টেলিভিশন। দেশের আবাসন শিল্পের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাধারণ মানুষের কাছে সহজ, নির্ভুল ও তথ্যসমৃদ্ধভাবে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

‘আইন ও আবাসন’ অনুষ্ঠানটি প্রতি মাসের দ্বিতীয় শনিবার রাত ৮টায় ইটিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হবে। আর প্রতিমাসের তৃতীয় শনিবার দেখা যাবে একুশে টেলিভিশনের পর্দায়, রাত ৮টায়।

সংশ্লিষ্টরা আশা করছেন, অনুষ্ঠানটি আবাসন খাত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ বিনিয়োগে দর্শকদের জন্য একটি নির্ভরযোগ্য তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।

আবাসন খাত নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্য থেকেই এই অনুষ্ঠানের পরিকল্পনা করেন টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, রিহ্যাবের পরিচালক এবং রিহ্যাব প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালাম। তার পরিকল্পনা ও সার্বিক দিকনির্দেশনায় নির্মিত এই আয়োজনের মাধ্যমে আইন, আবাসন ও নিরাপদ বিনিয়োগের বিভিন্ন বিষয় সাধারণ মানুষের কাছে সহজ, নির্ভুল ও তথ্যভিত্তিকভাবে তুলে ধরা হবে।

‘আইন ও আবাসন’ অনুষ্ঠানে দেশের আবাসন খাতের বর্তমান বাস্তবতা, বাজার পরিস্থিতি, বিদ্যমান আইন ও নীতিমালা, ফ্ল্যাট ও প্লট কেনার আগে করণীয়, নিরাপদ বিনিয়োগের কৌশল, ক্রেতাদের আইনি অধিকার এবং আবাসন শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। 

পাশাপাশি উচ্চ সুদের ব্যাংক ঋণ, নির্মাণ ব্যয় বৃদ্ধি, কর কাঠামো, দীর্ঘমেয়াদি হাউজিং ফাইন্যান্স, পরিকল্পিত নগরায়ন, পরিবেশবান্ধব নির্মাণ এবং স্মার্ট হাউজিংয়ের মতো সমসাময়িক বিষয়ও গুরুত্ব পাবে।

এছাড়া প্রতিটি পর্বে আবাসন খাতের উদ্যোক্তা, আইন বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সমাধানের পথ নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে প্রথমবার বাড়ি বা ফ্ল্যাট কিনতে আগ্রহীদের জন্য থাকবে গুরুত্বপূর্ণ আইনি ও ব্যবহারিক পরামর্শ।

একুশে টেলিভিশনের এই নতুন আয়োজন আবাসন খাত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ বিনিয়োগে উৎসাহ প্রদান এবং আইনভিত্তিক তথ্য প্রচারের মাধ্যমে দর্শকদের জন্য একটি নির্ভরযোগ্য জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি