ঢাকা, সোমবার   ০৩ আগস্ট ২০২৬

ঢাকার নৌপথ দূষণমুক্ত করে ব্যবহার উপযোগী করার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:০৯, ২ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার নৌপথ দূষণমুক্ত করে ব্যবহার উপযোগী করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২-৩ মাসের মধ্যে এ বিষয়ে করণীয় ঠিক করতে বলেছেন।

রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় রাজধানী ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়। 

নৌপথ সচল করার পাশাপাশি কীভাবে ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং নদীর নাব্যতা ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখা যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এছাড়া প্রধানমন্ত্রী নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশনা দেন, যাতে পরিবেশ সুরক্ষা নিশ্চিত হয় এবং নদীর তীরের সৌন্দর্য বৃদ্ধি পায়।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং শীতলক্ষ্যা এই ৪টি নদীতে বৃত্তাকার নৌপথ চালুর বিষয়ে কাজ করছে সরকার। এই নৌ পথে আওয়ামী লীগ সরকারের আমলে ১০ বছরে ৫৭ কোটি টাকা ক্ষতি হয়। এবার সেটি পর্যালোচনা করে প্রকল্প নেও য়া হবে। 

তিনি আরও বলেন, ৪২৪টি জায়গা দিয়ে নদী দূষণ হচ্ছে। সেগুলো বন্ধ করতে কাজ করবে সরকার। একই সাথে ঢাকার চারপাশে ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনা করছে সরকার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি