থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার
প্রকাশিত : ১৫:১২, ২৪ জুলাই ২০২৬
থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২ টা ১৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাকে স্বাগত জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে স্পিকার বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করবে, না করবে তা আমার জানা নেই। এখন হয়তো জানতে পারব। যদি তিনি পদত্যাগ করেন, তবে স্পিকারের কাছে করবেন। আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এটাই সংসদীয় রীতি।’
ব্যাংকক সফর নির্ধারিত সময়ের আগেই শেষ করে দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমার ঢাকায় কিছু ব্যক্তিগত কাজ আছে, আর গতকাল আমার মেডিকেল চেকআপ যেহেতু শেষ হয়েছে। তাই আমি দেশে ফিরে এসেছি।’
উল্লেখ্য, গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন স্পিকার। তবে নির্ধারিত সময়ের দুই দিন আগেই তার দেশে ফেরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনাকে আরও জোরালো করেছে। কারণ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার পদত্যাগপত্র গ্রহণ করেন স্পিকার এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনিই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
এমআর//
আরও পড়ুন










