ঢাকা, রবিবার   ০৮ নভেম্বর ২০২৬

ধামরাইয়ে পুড়ল যাত্রীবাহী বাস, এ নিয়ে তিন রাতে তিনটি

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২২, ৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকার ধামরাইয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ নিয়ে টানা তিন রাতে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

রোববার (৮ নভেম্বর) ভোরে উপজেলার শরীফবাগ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস জানায়, রোববার ভোররাত ৩টা ৪০ মিনিটের দিকে আফাজ উদ্দিন কলেজের সামনে শরীফবাগ এলাকায় নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত পুরোনো ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

এ ঘটনায় বাসটির আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটিতে নাশকতামূলকভাবে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাসটির মালিক লুৎফর রহমান। এর নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-জ-১৪-২৪৭৮।

এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরদিন শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুই ঘটনায় মোট পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং নয় লাখ টাকার মালামাল উদ্ধারের তথ্য জানিয়েছিল ফায়ার সার্ভিস।

এ নিয়ে টানা তিন রাতে ধামরাইয়ে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি