প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী
প্রকাশিত : ২০:০৬, ১৬ জুন ২০২৬
প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে দেশজুড়ে ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্প্রসারণ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। পাশাপাশি দেশের প্রতিটি জেলায় একটি করে খামার প্রতিষ্ঠার পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ছাগল গবেষণাগার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার ব্ল্যাক বেঙ্গল ছাগল ও মহিষ পালন সম্প্রসারণে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে চরাঞ্চলে উন্নত জাতের মহিষ পালনের বিষয়েও কাজ করা হচ্ছে। বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।
পরে তিনি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সমাপনী কর্মশালায় অংশ নেন এবং নবনির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন করেন।
এ সময় এলডিডিপি প্রকল্পে কর্মরত সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী মন্ত্রীর উপস্থিতিতেই চাকরি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে মন্ত্রী তাদের সঙ্গে আলোচনা করেন এবং বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রকল্পের মেয়াদ শেষ হলে প্রকল্পভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বও শেষ হয়ে যায়। সাত বছর মেয়াদি এ প্রকল্পের কার্যক্রম সমাপ্ত হওয়ায় সংশ্লিষ্ট কর্মীরা বর্তমানে কর্মহীন হয়ে পড়েছেন। তবে ভবিষ্যতে এ ধরনের নতুন প্রকল্প গ্রহণ করা হলে তাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তির বিষয়ে বিবেচনা করা হবে।
এলডিডিপি প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা জানান, দেশের ডেইরি খাতের উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই তাদের বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। চাকরি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তায় পড়ার কথাও তুলে ধরেন আন্দোলনকারীরা। এ সময় তারা সরকারের কাছে পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এমআর//
আরও পড়ুন










