ঢাকা, শনিবার   ৩০ মে ২০২৬

প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শনে দুই কর্মকর্তা বরখাস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ২৯ মে ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর কয়েকটি এলাকার রাস্তায় কুরবানির পশুর বর্জ্যসহ ময়লা থাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেলে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের সময় বর্জ্য অপসারণ কার্যক্রমে ঘাটতি ধরা পড়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (আঞ্চলিক প্রধান) তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন বিকেল ৪টা থেকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণের বাস্তব চিত্র ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে জানান, রাজধানীর বেশ কয়েকটি এলাকায় কোরবানির বর্জ্য অপসারণে চরম অবহেলা ও অব্যবস্থাপনার বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপরই তিনি তাৎক্ষণিকভাবে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

শাস্তির মুখোমুখি হওয়া দুই কর্মকর্তা হলেন—মো. সাদেকুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল-৫, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

কাজী সালেহ মুস্তানজির, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল-১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

উভয় কর্মকর্তাই সরকারের উপসচিব পদমর্যাদার। স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, বর্জ্য অপসারণে গাফিলতি বরদাশত না করার পূর্বঘোষণা সত্ত্বেও দায়িত্ব পালনে চরম অবহেলার প্রমাণ পাওয়ায় এই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে ঢাকার দুই সিটি করপোরেশন শতভাগ বর্জ্য অপসারণের জন্য যথাক্রমে ১২ ও ৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে আজ সকাল ও দুপুর পর্যন্ত রাজধানীর বহু এলাকায় কোরবানির বর্জ্য, পশুর রক্ত ও উচ্ছিষ্ট পড়ে থাকতে দেখা গেছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি