ঢাকা, বুধবার   ২৫ মার্চ ২০২৬

প্রাথমিক বিদ্যালয় টানা ১০ শনিবার খোলা থাকবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৭, ২৪ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

রমজান মাসের দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে বড় সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে পরবর্তী ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা) মো. জয়নাল আবেদীনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, রমজান মাসব্যাপী বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘাটতি তৈরি হয়েছে। সেই ঘাটতি পূরণ এবং নির্ধারিত পাঠসূচি যথাসময়ে শেষ করতে ছুটি শেষে ধারাবাহিকভাবে ১০টি শনিবার বিদ্যালয় খোলা রেখে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, নির্ধারিত পাঠপরিকল্পনা বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের শেখার ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ঈদুল ফিতর উপলক্ষে গত ৮ মার্চ থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হয়। দীর্ঘ বিরতির পর আগামী রোববার, ২৯ মার্চ থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি