বঙ্গভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি
প্রকাশিত : ১৮:৩০, ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।
বঙ্গভবনের দরবার হলে আজ সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে ইতিমধ্যে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার আছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, এই শপথ অনুষ্ঠানে ১২শ’র অধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গণি এই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো আমন্ত্রণ কার্ডে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি দরবার হলে আগমন করবেন।
আরও পড়ুন










