ঢাকা, বৃহস্পতিবার   ০২ জুলাই ২০২৬

বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে যৌথ উদ্যোগে আগ্রহী বাংলাদেশ ও মরক্কো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০১, ১ জুলাই ২০২৬ | আপডেট: ২২:১৪, ১ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগ গড়ার প্রস্তাব দিয়েছে মরক্কো। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও উচ্চপর্যায়ের সফর সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে অঙ্গীকার ব্যক্ত করেছে দুই দেশ।

বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা আল কেরদুদি আল কুলালি এ প্রস্তাব দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূত বলেন, মরক্কোর কৌশলগত ভৌগোলিক অবস্থান আফ্রিকা ও ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করেছে। এ সুযোগ কাজে লাগিয়ে বস্ত্র, ওষুধ ও সামুদ্রিক খাতে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ গড়ে তোলা যেতে পারে।

তিনি আরও জানান, দক্ষ ও অর্ধদক্ষ বাংলাদেশি জনশক্তি নিয়োগসহ সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে মরক্কো প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে বাংলাদেশ ও মরক্কোর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়।

নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, বস্ত্রশিল্প, পাট ও পাটজাত পণ্য, সামুদ্রিক বিষয়, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

শামা ওবায়েদ ইসলাম ক্রীড়া, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতেও সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময়, পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি, নিয়মিত দ্বিপক্ষীয় সংলাপ এবং উচ্চপর্যায়ের সফর বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি