বিদেশি বিনিয়োগ আনলেই মিলবে ১.২৫ শতাংশ প্রণোদনা, নীতিমালা জারি
প্রকাশিত : ২০:৪০, ২৭ নভেম্বর ২০২৬
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে ভূমিকা রাখলে বাংলাদেশি নাগরিক ও শতভাগ দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ হারে নগদ প্রণোদনা দেবে সরকার। এ লক্ষ্যে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করা হয়েছে। তবে এই সুবিধা পেতে হলে অন্তত ১০ লাখ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রার বিনিয়োগ নিশ্চিত করতে হবে।
‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর ২২ ধারার ক্ষমতাবলে প্রণীত এই নীতিমালাটি গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গেজেট আকারে (এসআরও নম্বর ৪২২-আইন/২০২৬) প্রকাশিত হয় এবং তা অবিলম্বে কার্যকর করা হয়েছে।
নীতিমালা অনুযায়ী, প্রবাসীসহ দেশের যেকোনো নাগরিক এবং শতভাগ বাংলাদেশি মালিকানাধীন নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানি এই প্রণোদনার জন্য আবেদন করতে পারবে। বাংলাদেশ ব্যাংকের অনলাইন মনিটরিং সিস্টেমে চূড়ান্তভাবে নথিভুক্ত নতুন ইক্যুইটি বিনিয়োগের বিপরীতেই কেবল এই অর্থ দেওয়া হবে।
প্রণোদনা প্রাপ্তির শর্তে বলা হয়েছে, বিদ্যমান কোনো কোম্পানির শেয়ারহোল্ডারদের অতিরিক্ত শেয়ার কেনা বা উৎপাদন সক্ষমতা বাড়ানোর বিনিয়োগে এই সুবিধা মিলবে না। তবে কোনো বিদ্যমান বিনিয়োগকারী বর্তমান ব্যবসার বাইরে সম্পূর্ণ নতুন খাতে বা ভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে তা প্রণোদনার যোগ্য হবে। এ ছাড়া বিনিয়োগ সম্পন্ন হওয়ার আগেই সংশ্লিষ্ট পোর্টালে প্রাক-নিবন্ধন করে একটি স্বতন্ত্র ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ সংগ্রহ করতে হবে এবং এফডিআই নগদায়নের (এনক্যাশমেন্ট) ৩০ দিনের মধ্যে চূড়ান্ত আবেদন জমা দিতে হবে। মূল্যায়নে অন্তত ৭০ শতাংশ নম্বর পেলে তবেই আবেদনটি গৃহীত হবে।
স্বচ্ছতা নিশ্চিতে বিনিয়োগকারী বিদেশি প্রতিষ্ঠান বা যৌথ উদ্যোগের সঙ্গে আবেদনকারীর বর্তমান কিংবা বিগত দুই বছরে কোনো ধরনের আনুষ্ঠানিক সম্পৃক্ততা না থাকার শর্ত দেওয়া হয়েছে। পাশাপাশি অর্থের বৈধতা যাচাইয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), আরজেএসসি ও বাংলাদেশ ব্যাংকের তথ্যের সমন্বয় করা হবে। নগদ অর্থ বা তৃতীয় পক্ষের মাধ্যমে আসা কোনো বিনিয়োগ এ সুবিধার আওতায় পড়বে না এবং নীতিমালা কার্যকর হওয়ার আগে আসা বিনিয়োগের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে না।
প্রণোদনার অর্থ অর্থ বিভাগের ‘এফডিআই ইনসেনটিভ তহবিল’ থেকে স্থানীয় মুদ্রায় দুই ধাপে বিতরণ করা হবে; তবে প্রবাসীরা চাইলে এই অর্থ বিদেশে নিতে পারবেন। আবেদন অনুমোদন ও বিনিয়োগ নগদায়নের পর প্রথম ধাপে ৫০ শতাংশ এবং এক বছর পর কারখানা স্থাপন বা বাণিজ্যিক কার্যক্রম শুরুর অগ্রগতি ও ইক্যুইটি বহাল থাকার সাপেক্ষে বাকি ৫০ শতাংশ অর্থ ছাড় করা হবে। আবেদন যাচাইয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধির নেতৃত্বে একটি কার্যনির্বাহী কমিটি এবং চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় পর্যালোচনা কমিটি কাজ করবে।
জবাবদিহি নিশ্চিত করতে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রতিবছর আবেদন ও প্রণোদনা বিতরণের পরিসংখ্যান নিয়ে একটি ড্যাশবোর্ড প্রকাশ করবে এবং জাতীয় কমিটি বার্ষিক ভিত্তিতে নীতিমালাটি পর্যালোচনা করবে। আবেদন ফরম ও বিস্তারিত নির্দেশনা ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এমএইচ
আরও পড়ুন










