বিরল মশাবাহিত রোগে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার
প্রকাশিত : ২০:৫৪, ৮ মে ২০২৬
বিরল মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষক জাকিয়া সুলতানা জুথি মারা গেছেন।
বৃহস্পতিবার (৭ মে) ভোরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।৩৬ বছর বয়সী এই শিক্ষকের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে অধ্যাপক জুথির শরীরে জ্বর আসে। পরদিন রোববার জ্বরের সঙ্গে বমি ও পাতলা পায়খানা শুরু হলে রাতে তিনি হাসপাতালে ভর্তি হন। সোমবার ভোরে প্রচণ্ড খিঁচুনি দিয়ে তিনি জ্ঞান হারান। চিকিৎসকরা জানান, সে সময়ই তাঁর মস্তিষ্কে বড় ধরনের ক্ষতি (ব্রেইন ড্যামেজ) হয় এবং তিনি কোমায় চলে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়, কিন্তু শেষ পর্যন্ত কোনো চিকিৎসায় আর কাজ হয়নি।
অধ্যাপক জুথি সপ্তাহ দুয়েক আগে বান্দরবান ভ্রমণে গিয়েছিলেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা ছিল তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত। তবে পরীক্ষার ফল ‘নেগেটিভ’ আসায় এবং এমআরআই রিপোর্টে মস্তিষ্কের ক্ষতির ধরন দেখে বিশেষজ্ঞ চিকিৎসকরা মত দিয়েছেন যে, তিনি সম্ভবত মশাবাহিত ‘জাপানিজ এনকেফেলাইটিস’ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউ বিশেষজ্ঞ ডা. কাওসারুল আলম জানান, দ্রুত শারীরিক অবস্থার অবনতি এবং মস্তিষ্কের গঠনগত পরিবর্তন এই ভাইরাস সংক্রমণের স্পষ্ট লক্ষণ। তবে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বিষয়টি নিশ্চিত হতে তাঁরা সকল রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। এটি ম্যালেরিয়া নাকি জাপানিজ এনকেফেলাইটিস, তা পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
জাকিয়া সুলতানা জুথি সিভাসুর ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে জাপানের হিরোশিমা ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন। তাঁর স্বামী অধ্যাপক শাহরিয়ার হাসেম অর্ণবও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই দম্পতির পাঁচ বছর বয়সী একটি সন্তান রয়েছে।
বৃহস্পতিবার রাতে ময়মনসিংহে স্বামীর বাড়ীতে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান এই মেধাবী শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এমআর//
আরও পড়ুন










