ঢাকা, বুধবার   ১৮ নভেম্বর ২০২৬

ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৮, ১৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে মো. সিয়াম (হেলপার) নামে এক যুবক নিহত হয়েছেন। আগুন লাগার সময় তিনি বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ অগ্নিসংযোগের ঘটনাঘটে।

নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। তবে তাঁর বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ নামের একটি বাস (বরিশাল মেট্রো-ব ১১-০১৩২) এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের আরেকটি বাসে (খুলনা মেট্রো-ব ১১-০০৫১) দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

বাসে আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় আশপাশের বাসের ভেতরে ঘুমিয়ে থাকা লোকজনকে জাগিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আগুন নেভানোর পর বাসের ভেতর থেকে হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ‘লিসা’ বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার। অন্যদিকে ‘বাহক’ বাসটির মালিক ঝালকাঠির অমিত পাল।

এ ঘটনায় অগ্নিসংযোগের কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি