‘মা’ শব্দটি ছোট হলেও এর ব্যাপকতা অসীম: মির্জা ফখরুল
প্রকাশিত : ২২:৪২, ১০ মে ২০২৬
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মা’ শব্দটি ছোট হলেও এর ব্যাপকতা অসীম।
তিনি বলেন, পরিবারে মা হচ্ছেন এক অপরিহার্য মহিমান্বিত প্রতিষ্ঠান। মহিয়সী মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ নির্মিত হয়। সুমাতার সহচার্যে সন্তানের উৎকর্ষতা ও প্রকৃত মানবসত্তার জাগরণ ঘটে, সন্তানের আত্মাকে করে নির্মল।
রোববার (১০ মে) ‘আন্তর্জাতিক মা দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে বিএনপি মহাসচিব বাংলাদেশসহ বিশ্বের সকল মায়ের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমি তাদের সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছেন ‘মা’ । যদিও মাকে শ্রদ্ধা জানাতে কোনো দিন-ক্ষণের প্রয়োজন হয় না।
তিনি বলেন, মা একটি ছোট শব্দ। কিন্তু এর ব্যাপকতা অসীম। মা সন্তানকে পৃথিবীর আলো দেখান। তাই মায়ের জন্য প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে, তবু স্বতন্ত্রভাবে ভালোবাসা জানাতেই আজকের এই দিন।
সন্তানের সাফল্যের মূলে থাকে মায়ের উদ্যম ও উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, নিবেদিতপ্রাণ এই মানুষটি সন্তানদের গড়ে তুলতে সব অর্থেই থাকেন আপোসহীন ও সংগ্রামী। অনেক শক্তির আধার একজন মা।
বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ক্ষমতাসীন থাকা অবস্থায় নারী সমাজের অগ্রগতির জন্য যে অবদান রেখেছিলেন, তা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। আর্থিক ও সামাজিক অগ্রগতিতে এদেশে দেশনেত্রীর অবদান কিংবদন্তিতুল্য।
তিনি বলেন, লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধারে ভয়ংকর রাজরোষে পড়া সত্ত্বেও তিনি তাঁর কর্তব্যকর্ম থেকে বিন্দুমাত্র বিচ্যুৎ হননি। সেই কারণেই মরহুমা বেগম খালেদা জিয়া আজ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ‘গণতন্ত্রের মা’ হিসেবে সর্বজন শ্রদ্ধেয় ও অভিনন্দিত। এই গৌরবান্বিত দিবসে আমি মহান আল্লাহ’র দরবারে দোয়া করি তিনি যেন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাত নসিব করেন।
মা দিবসে দেশের নাগরিকদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আমি আহ্বান জানাবো তারা যেন মায়েদের প্রতি যথাযোগ্য সম্মান ও কর্তব্য পালন করেন। কারণ সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার একমাত্র শর্ত হচ্ছে মায়ের মর্যাদা সম্পর্কে সচেতন থাকা।
এমআর//
আরও পড়ুন










