যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত ৯
প্রকাশিত : ০৮:৪১, ২ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আবাসিক এলাকায় ব্যবসায়িক কাজে ব্যবহৃত একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। এ সময় আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
রোববার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে পাম বিচ কাউন্টিতে লিয়ারজেট-৬০ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি।
এলাকাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-আ-লাগো থেকে প্রায় ৯ মাইল (১৪ কিলোমিটার) দূরে।
দুর্ঘটনাস্থলের ছবিতে আবাসিক এলাকার একটি সড়কে বড় গর্ত দেখা গেছে। সেখানে আগুনের চিহ্ন ছড়িয়ে ছিল। উড়োজাহাজটির ভাঙা অংশ, কংক্রিটের টুকরা ও অন্যান্য ধ্বংসাবশেষ সড়কজুড়ে ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন থেকে যাত্রা শুরু করেছিল। এর গন্তব্য ছিল বাহামা। প্রায় আট হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় হঠাৎ ডান দিকে বাঁক নিয়ে দ্রুত মাটির দিকে নেমে আসে বিমানটি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মাটিতে পড়ার আগে একটি গাছে ধাক্কা মেরে বিদ্যুতের তার ছিঁড়ে ফেলে এটি। এতে সড়কে বড় গর্ত সৃষ্টি হয়। চারদিকে ছড়িয়ে পড়ে বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ।
দুর্ঘটনার সময় বৃষ্টি, বজ্রপাত ও ঘণ্টায় ১৫ থেকে ২৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইছিল। আবহাওয়ার বিরূপ পরিস্থিতির সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন পরিবহন সচিব শন ডাফি। দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে বর্ণনা করে তিনি জানান, দুর্ঘটনার তদন্তে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডকে (এনটিএসবি) সহায়তা করতে এফএএ ঘটনাস্থলে একটি দল পাঠাচ্ছে।
দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ‘ভিডিওটি দেখলে গা শিউরে ওঠে। মনে হয়, যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। এরপর বিশাল বিস্ফোরণ ঘটে, চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।’
উড়োজাহাজটিতে কারা ছিলেন, তা এখনো জানা যায়নি। ডিস্যান্টিস বলেন, ‘এ পর্যন্ত মাটিতে থাকা কারও নিহত বা আহত হওয়ার খবর আমরা পাইনি।’
এএইচ
আরও পড়ুন










