ঢাকা, বৃহস্পতিবার   ২১ মে ২০২৬

রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন ৭ দিনের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ২১ মে ২০২৬ | আপডেট: ১২:২৮, ২১ মে ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)র কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে এ নির্দেশনা দেন তিনি।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম এ তথ্য জানান।

ড. রেজাউল করিম জানিয়েছেন, একইসঙ্গে দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করতে যথাযথ উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, রামিসার ঘটনা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর দুঃখজনক ও ঘুনে ধরা সমাজের দৃষ্টান্ত। বিচারের দৃষ্টান্ত স্থাপন না করতে পারলে খারাপ বার্তা তৈরি হবে। মাগুরার আছিয়া, ঢাকার রামিসা- সবকিছুই আমাদের মানুষত্বকে প্রশ্নবিদ্ধ করে। এমন অপরাধ কোনোভাবেই আনচ্যালেঞ্জড হতে দেবো না।

তিনি বলেন, আছিয়ার মামলার এখনো ফাঁসি কার্যকর হয়নি রামিসার বাবা অমূলক কিছু বলেননি। বিচার ব্যবস্থার মামলার জট নিরসনে পদক্ষেপ নেবো। আছিয়ার মামলায় ৭ দিনের মধ্যে চার্জশিট দিয়েছিলাম, ১ মাসে ট্রায়াল শেষ হয়েছিল। রামিসার ঘটনার বিচার দ্রুত হবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণ শেষে নির্মমভাবে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার জন্য তার মাথা ধারালো ছুরি দিয়ে কেটে আলাদা করে। দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করে মরদেহ। 

এ ঘটনায় গ্রেফতার সোহেল রানা আদালতে হাজির হয়ে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ঘটনার আগে ইয়াবা সেবন করেছিল বলে জবানবন্দিতে জানায় এই ঘাতক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি