রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চাই: চিফ হুইপ
প্রকাশিত : ১৮:১০, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:১৬, ১৩ আগস্ট ২০২৬
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, তিনি বলেন, রাষ্ট্রপতি পদে দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁকে রাষ্ট্রপতি হিসেবে আগামী ২০ আগস্ট নির্বাচিত করতে চাই।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাষ্ট্রপতি পদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র দাখিলের পর তিনি একথা বলেন।
সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে জানিয়ে চিফ হুইপ বলেন, ‘একটা সংবিধান একদিনের জন্য পরিবর্তন হয় না। অনেক দিনের জন্য পরিবর্তন হবে। আমরা সংবিধান নতুন করে লিখব না। আমরা একটা কমাও যদি পরিবর্তন করি, সেটাই হবে সংবিধানের সংস্কার। একটা কমা পরিবর্তন করলে যদি সংস্কারই হয়, প্রত্যেকটা শব্দই সংস্কার আমরা যদি পরিবর্তন করি। আর কাজটাই হবে সংশোধনের কাজ। সেই সংশোধনের জন্য সকলকে আহ্বান করেছি। সংশোধনের জন্য আমরা সবাই বসব।’
চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, আমাদের দলের পক্ষ থেকে আজকে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। মনোনয়নপত্রে প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমর্থক স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
চিফ হুইপ বলেন, ‘গণতন্ত্রের সৌন্দার্য হল আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, নির্বাচন করছি। ১৭ বছর আন্দোলন করে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করেছি। সংসদে দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন। এরই ধারাবাহিকতায় আগামী ২০ আগস্ট আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হবে। বাংলাদেশের স্থান এবং গুরুত্ব সবার আগে দিয়ে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চাই।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।
এএইচ
আরও পড়ুন










