ঢাকা, সোমবার   ২৬ অক্টোবর ২০২৬

রূপপুরের ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় রাশিয়ার বিমান

ইমন চৌধুরী, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৩, ২৬ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছেছে রাশিয়ার একটি বিমান। 

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা ১৪ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাশিয়ার AviaCon ZiTrans পরিচালিত AZS-6713 ফ্লাইটটি রাশিয়া থেকে ভারতের দিল্লি হয়ে ঢাকায় আসে। বিমানটিতে ১২টি টিপিএসে মোট ৪১ টন পারমাণবিক জ্বালানি বহন করা হয়। 

এই জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের জন্য আনা হয়েছে। এর আগে আরও কয়েক দফায় রাশিয়া থেকে এই জ্বালানি আনা হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। ইউনিটটির জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি সরবরাহের অংশ হিসেবে এসব চালান বাংলাদেশে আসছে।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কয়েকটি চালানে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি