ঢাকা, বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬

শক্তি বাড়াচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৩, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৫, ১৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে ঝড়টি বাংলাদেশের মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে এবং এর প্রভাবে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে এগিয়ে একই এলাকায় (১৫.৫° উত্তর অক্ষাংশ ও ৮৫.২° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। বৃহস্পতিবার দুপুর ১২টার হিসাব অনুযায়ী, ঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, প্রবল এই ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। বর্তমানে ঝড়ের কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর ফলে ঝড়ের কেন্দ্রের আশপাশের এলাকায় সাগর বেশ উত্তাল হয়ে উঠেছে এবং উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।

ঝড়ের প্রভাবে দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একইসাথে উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে অবস্থান করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি