ঢাকা, বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১১, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:১৬, ১৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে মুসাদ্দিক এ অভিযোগ করেন। পোস্টে মুসাদ্দিক লেখেন, ‘আমার গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা।’

এদিকে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। 

এ সময় থানার ভেতরে থাকা পুলিশের গাড়িসহ ১০টি যানবাহনে আগুন দেয়া হয়। মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বুধবার সন্ধ্যার পর থেকেই মুকসুদপুর থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় লাঠিসোঁটা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা থানায় হামলা চালান। 

পরে তারা থানা ভবনে ব্যাপক ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। এ সময় থানার ভেতরে থাকা পুলিশের সরকারি গাড়ি ও বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহনেও আগুন দেয়া হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির বলেন, থানায় আগুন দেয়া হয়েছে। সেখানে কয়েকটি গাড়ি পোড়ানো হয়েছে। কিছু মোটরসাইকেলও পুড়ে একদম ছাই হয়ে গেছে। কতগুলো যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে তার সংখ্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এদিকে, দুপুর ১২টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এইচ খান মঞ্জুর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে, বেলা ১১টার দিকে কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়ি এবং তার স্বজন ও সমর্থকদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শহরের পোস্ট অফিস মোড় এলাকায় এফএনএফ নামের একটি সুপারশপেও হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি