শিক্ষা পরিবেশ ও নিরাপত্তার কারণে বিশ্ববিদ্যালয়গুলো কিউএস র্যাংকিংয়ে পিছিয়ে: শিক্ষামন্ত্রী
প্রকাশিত : ১৩:৫৯, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:০৪, ১৭ আগস্ট ২০২৬
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কিউএস র্যাংকিংয়ে সামনে আসতে না পারার অন্যতম কারণ হিসেবে শিক্ষার্থীদের ঝরে পড়া, শিক্ষা পরিবেশ ও নিরাপত্তার বিষয়গুলোকে দায়ী করেছেন।
সোমবার (১৭ আগস্ট) অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত ‘বাংলাদেশ ফোরাম-২০২৬’সেমিনারে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মনে প্রশ্ন এসেছে, আমার দেশের ইউনিভার্সিটি কেন কিউএস র্যাংকিংয়ে সামনে আসছে না। আমরা আন্তর্জাতিকভাবে রেটিং সমস্যায় পড়ছি স্টুডেন্টরা ঝরে পড়ার কারণে।
বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীরা পড়তে না আসার কারণ হিসেবে পরিবেশ ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে ফরেন স্টুডেন্টরা পড়ালেখা করতে আসে না পরিবেশ ও নিরাপত্তার কারণে।
তিনি বলেন, দেশের যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যাচ্ছে, তারা ভালো ফলাফল করছে। তবে বাংলাদেশ বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের আকর্ষণ করতে পারছে না।
এহছানুল হক মিলন বলেন, আমাদের কিউএস রেটিং প্রয়োজন, তাহলে আমরা স্ট্যান্ডার্ডাইজড হবো।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেন পিএইচডি প্রোগ্রাম এলাও করা হয় না। প্রবলেমটা কোথায়? ১৯৯২ সালে শুরু হয়েছে, এখন ২০২৬।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের ক্রসবর্ডার শিক্ষা, প্রাইভেট ইউনিভার্সিটিতে গবেষণা দরকার। শিক্ষকের কোনো সংকট দেখছি না। হাজারো গবেষক আছে যারা মেড ইন বাংলাদেশ।
আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্লিজ সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়তে হবে।
আরও পড়ুন










