ঢাকা, বুধবার   ১৮ নভেম্বর ২০২৬

সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের ডাক জামায়াতের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ১৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশের বিভিন্ন জেলায় চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়ে তিনি বলেন, চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে ২১ নভেম্বর রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি পালনের তাগিদ দেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করার কারণে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। ৭০ শতাংশ মানুষের রায় অস্বীকার করায় ফ্যাসিবাদবিরোধী জনতা সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না।

গোপালগঞ্জের চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় যা ঘটছে, তা একটি নির্বাচিত সরকারের আমলে কাম্য নয়।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ একজন পলাতক আসামিকে আশ্রয় দিয়ে প্রথম অপরাধ করেছে। এখন বলছে, তাকে ফেরত পাঠাতে সামরিক বিমান পাঠাতে হবে। এসব ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, পুলিশের ওপর হামলা হচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারছেন না। দেশে সরকার আছে বলে মনে হচ্ছে না। গোপালগঞ্জ, মাদারীপুর যে দেশের একটি অংশ, সেটিও মনে হচ্ছে না।

তিনি বলেন, সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে এগিয়ে আসতে হবে। জনগণের জানমালের সুরক্ষায় রাষ্ট্রপতির ভূমিকা জরুরি।

জামায়াত নেতা বলেন, প্রশাসন থেকে শুরু করে সরকারি সব জায়গায় ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে। তাদের চিহ্নিত করে শক্তভাবে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি