সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, উত্তপ্ত সংসদ
প্রকাশিত : ২২:০২, ১১ নভেম্বর ২০২৬
সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগকে কেন্দ্র করে জাতীয় সংসদে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের সংসদ সদস্যরা অভিযোগ তোলেন যে, জনপ্রতিনিধিদের আত্মীয়স্বজন ও দলীয় নেতাদের পরিবারের সদস্যদের প্রাধান্য দিয়ে ডিলারশিপ দেওয়া হচ্ছে এবং অর্থের বিনিময়ে ডিও (ডিমান্ড অর্ডার) বাণিজ্য চলছে।
এসব অভিযোগের বিপরীতে কৃষিমন্ত্রী আমিন উর রশীদের বক্তব্যে অসন্তুষ্ট হয়ে বিরোধী সদস্যরা আসন ছেড়ে দাঁড়িয়ে প্রতিবাদ ও হইচই শুরু করলে সংসদে অচলাবস্থার তৈরি হয়। পরে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংসদের প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি সম্পূরক প্রশ্নকে কেন্দ্র করে এই হট্টগোলের সূত্রপাত হয়। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি অভিযোগ করেন, ডিলার নিয়োগে চরম রাজনৈতিক প্রভাব বিস্তার করা হচ্ছে।
তিনি জানান, বিভিন্ন জেলায় সংসদ সদস্যদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রীর নামে ডিলারশিপ বরাদ্দ দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, ঠাকুরগাঁওয়ে নিয়োগ পাওয়া ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং তাদের ১০ জনই কোনো না কোনো নেতার নিকটাত্মীয়। এ ছাড়া নাটোরে এক ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এক সংসদ সদস্যের সন্তানকেও সারের ডিলারশিপ দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
বক্তব্যের একপর্যায়ে হাসনাত আবদুল্লাহ সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ডিও দেওয়ার অভিযোগ এনে বর্তমান সরকারের নীতিমালার সমালোচনা করেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০০৯ সালে বিরোধী দলে থাকাকালে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংরক্ষিত আসনের সদস্যদের এ ধরনের দায়িত্ব দেওয়াকে অসাংবিধানিক বলেছিলেন, অথচ এখন কোনো বিধি ছাড়াই সেই ব্যবস্থা চালু করা হয়েছে।
আগের সরকারের আমলের নিয়ম বহাল রেখে নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়া হচ্ছে কি না এবং বর্তমান প্রক্রিয়াটি বাতিল করে পুনর্বিবেচনা করা হবে কি না, সে বিষয়ে তিনি কৃষিমন্ত্রীর সুস্পষ্ট জবাব চান। পাশাপাশি জনপ্রতিনিধিদের পরিবারের সদস্যদের ব্যবসায়িক সুবিধা নেওয়ার সংস্কৃতি কবে বন্ধ হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
বিরোধী সদস্যের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ডিলার নিয়োগকে কেন্দ্র করে ‘উৎসব’ হওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখার কথা বললে সংসদে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তার এই মন্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে হইচই শুরু করেন।
প্রতিবাদের মুখে মন্ত্রী জানান, তিনি নতুন দায়িত্ব নিয়েছেন এবং সংসদ সদস্যরা নিজেদের মধ্যে কথা বললে তার উত্তর দিতে অসুবিধা হয়। তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, তার উত্তরে কেউ সন্তুষ্ট না হলে পুনরায় প্রশ্ন করার সুযোগ রয়েছে।
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা তুলে ধরে কৃষিমন্ত্রী ব্যাখ্যা দেন যে, জেলা ও উপজেলা পর্যায়ে দুটি আলাদা কমিটির মাধ্যমে নির্ধারিত নিয়ম মেনেই আবেদন যাচাই-বাছাই করা হয়েছে। উপজেলা থেকে আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে যায় এবং সেখানে স্থানীয় সংসদ সদস্যদের উপদেষ্টা হিসেবে থাকার বিধান রয়েছে।
মন্ত্রীর এই বক্তব্যের সময়ও বিরোধীরা প্রতিবাদ অব্যাহত রাখেন। পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধীদলীয় চিফ হুইপের দৃষ্টি আকর্ষণ করেন এবং সদস্যদের ধৈর্য ধরে মন্ত্রীর কথা শোনার আহ্বান জানান। সরকারি দলের সদস্যরাও তখন বিরোধীদের শান্ত হয়ে আসনে বসার অনুরোধ করেন।
হট্টগোলের মধ্যেই কৃষিমন্ত্রী তার বক্তব্য শেষ করে জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রস্তাবনার ভিত্তিতে মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিয়েছে এবং এটি কোনো একক ব্যক্তির সিদ্ধান্তে হয়নি। তবে মন্ত্রীর এই ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে বিরোধী সদস্যরা ফ্লোর চেয়ে পুনরায় হইচই শুরু করেন।
এ সময় চিফ হুইপ নূরুল ইসলাম মনি ফ্লোর নিয়ে বলেন, অর্থের বিনিময়ে ডিও দেওয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। কারও কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রমাণহীন বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) দেওয়ার দাবি জানান।
চিফ হুইপের বক্তব্যের পরও বিরোধী সদস্যরা প্রতিবাদ চালিয়ে গেলে স্পিকার নতুন কাউকে কথা বলার সুযোগ না দিয়ে পরবর্তী কার্যসূচিতে চলে যান।
এমএইচ
আরও পড়ুন










