ঢাকা, বুধবার   ১১ নভেম্বর ২০২৬

পুলিশের ৭ এএসপিকে রদবদল, নতুন কর্মস্থলে পদায়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪১, ১১ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। জনস্বার্থে তাদের দেশের বিভিন্ন ইউনিটে বদলিপূর্বক পদায়ন করে নতুন আদেশ জারি করেছে পুলিশ প্রশাসন।

বুধবার (১১ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অতিরিক্ত ডিআইজির স্বাক্ষরিত ওই অফিস আদেশে এই রদবদলের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্সের (ঢাকা-টিআর) সহকারী পুলিশ সুপার মো. ইকরামুল আহাদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এবং যশোরের মনিরামপুর সার্কেলের এএসপি ইমদাদুল হককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। এ ছাড়া পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সহকারী পুলিশ সুপার রাজু আহমেদকে স্পেশাল ব্র্যাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহকারী পুলিশ কমিশনার মো. আলী আর্শাদকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। উল্লেখ্য, এর আগে পুলিশ স্টাফ কলেজে দেওয়া তার বদলির আদেশটি বাতিল করা হয়েছে। একই নামের অপর কর্মকর্তা অর্থাৎ হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) পদায়ন করা হয়েছে।

এ ছাড়া হাইওয়ে পুলিশের আরেক সহকারী পুলিশ সুপার মো. বদিউল আমীন চৌধুরীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পাঠানো হয়েছে। পাশাপাশি রাজশাহীর চারঘাট সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মো. খালেদ হোসেনকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২২ নভেম্বর থেকে তারা স্বয়ংক্রিয়ভাবে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে বিবেচিত হবেন।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি