ঢাকা, সোমবার   ১২ অক্টোবর ২০২৬

সুদানে স্বর্ণখনিতে বিমান হামলা, নিহত ৭২ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ১২ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

সুদান-মিশর সীমান্তের এক বিতর্কিত অঞ্চলের স্বর্ণখনিতে এক ভয়াবহ বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক খনি শ্রমিক নিহত হয়েছেন। সুদানের যুদ্ধকালীন নৃশংসতার তথ্য নথিভুক্তকারী মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’এ তথ্য জানিয়েছেন।

রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানায় খার্তুমভিত্তিক মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স। মিশরের যুদ্ধবিমান সুদানের উত্তর ওয়াদি এলাকায় বেসামরিক স্বর্ণখনিশ্রমিকদের নিশানা করে হামলা চালায় বলে দাবি সংগঠনটির। 

গত শনিবার বিরোধপূর্ণ সীমান্তবর্তী পার্বত্য এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সংগঠনটির প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ৭২ জন শ্রমিক নিহত হয়েছেন।

চলতি বছরে জাবাল আল-উকাইদাতের পার্বত্য স্বর্ণখনি এলাকায় এটি দ্বিতীয় হামলার ঘটনা। এর আগে গত জুনে একই এলাকায় হামলায় ২৩ জন শ্রমিক নিহত হয়েছিলেন। ওই হামলার জন্যও মিশরকে দায়ী করা হয়েছিল।

সে সময় নিজেদের ভূখণ্ডে অবৈধভাবে স্বর্ণ উত্তোলন বন্ধ করতে তারা বড় ধরনের অভিযান চালিয়েছে বলে জানিয়েছিল মিশরের সামরিক বাহিনী।

সুদান ও মিশরের মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্পদসমৃদ্ধ হালাইব ত্রিভুজ অঞ্চলটি নিজেদের ভূখণ্ড বলে দাবি করে দুই দেশই।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর প্রকাশ করা কিছু ছবিতে হামলার ভয়াবহতার চিত্র দেখা গেছে।

ছবিগুলোতে ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মরদেহ এবং কাফনে মোড়ানো মরদেহ দেখা যায়। তবে, ছবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, হামলার পর ওই এলাকার শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। স্থানীয় শ্রমিকেরা এমন পরিস্থিতির কথা জানিয়েছেন। তবে হামলার পর ওই এলাকায় পরিস্থিতি কীভাবে স্বাভাবিক করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ইমার্জেন্সি লইয়ার্সের অভিযোগ, সীমান্তবর্তী স্বর্ণ ও খনিজসম্পদসমৃদ্ধ এলাকায় বারবার হামলার ঘটনা সুদানের প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর বিষয়ে মিশরীয় কর্তৃপক্ষের আগ্রহের প্রতিফলন। তবে, এ অভিযোগের বিষয়ে মিশরের পক্ষ থেকে নতুন করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি