ঢাকা, মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ১২ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক 'অতি জরুরি বিজ্ঞপ্তিতে' প্রবাসীদের সৌদি আরবের স্থানীয় আইন ও কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থানগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে দূতাবাস স্পষ্ট জানিয়েছে যে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে যেকোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, অন্যের সাথে আদান-প্রদান করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আরবের প্রচলিত আইনে অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। এই আইনের কারণে পরিস্থিতি-সংশ্লিষ্ট কোনো ছবি বা স্পর্শকাতর তথ্য ফেসবুক, ইউটিউব, এক্স (সাবেক টুইটার) বা অন্য কোনো প্ল্যাটফর্মে পোস্ট না করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে। এমনকি এই ধরনের ফাইল মুঠোফোনে (মোবাইল) সংরক্ষণ করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের যেকোনো প্রয়োজনীয় সহায়তা, আইনি তথ্য ও জরুরি প্রয়োজনে দূতাবাসের নির্দিষ্ট হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো নিচে দেওয়া হলো:
শ্রমসংক্রান্ত বিষয় (টোল ফ্রি): ৮০০১০০০১২৫। পাসপোর্টসংক্রান্ত বিষয় (টোল ফ্রি): ৮০০১০০০১২৬। ডিপ্লোম্যাটিক উইং (টোল ফ্রি): ৮০০১০০০১২৪। মৃত্যুসংক্রান্ত হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০

পরিস্থিতি সম্পর্কে নিয়মিত সঠিক তথ্য ও প্রতিনিয়ত হালনাগাদ নির্দেশনা পেতে রিয়াদের বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি