স্মৃতির টানে, বন্ধুত্বের বন্ধনে—ঢাবির ‘বান্ধব’র পুনর্মিলনী
প্রকাশিত : ১৪:৩২, ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় জীবন শুধু শিক্ষা অর্জনের সময় নয়; এটি বন্ধুত্ব, ভালোবাসা, পারস্পরিক সহযোগিতা আর অসংখ্য স্মরণীয় মুহূর্তের এক অনন্য অধ্যায়। সময়ের পরিক্রমায় জীবনের নানা ব্যস্ততায় সবাই ছড়িয়ে পড়লেও হৃদয়ের বন্ধন কখনো হারিয়ে যায় না। সেই বন্ধনকে আরও দৃঢ় করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৩-১৯৯৪ সেশনের শিক্ষার্থীদের সংগঠন ‘বান্ধব’-এর পুনর্মিলনী অনুষ্ঠান এক আনন্দঘন ও আবেগময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘদিন পর প্রিয় সহপাঠীদের একসঙ্গে কাছে পাওয়া, পুরোনো দিনের স্মৃতিচারণ এবং পারস্পরিক ভাববিনিময়ে অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক আহসান উদ্দিন খান শিপন এবং সদস্যসচিব মো. শাইনুর আলম (শাহীন)। অনুষ্ঠান সঞ্চালনা করেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী এবং তিতুমীর কলেজের সহযোগী অধ্যাপক দিলরুবা আফরোজ উর্মি।
এ ধরনের পুনর্মিলনী কেবল পুরোনো বন্ধুদের একত্রিত করে না, বরং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে নতুন করে জাগ্রত করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে অটুট থাকুক বন্ধুত্বের এই সম্পর্ক, অমলিন থাকুক বিশ্ববিদ্যালয় জীবনের সোনালি স্মৃতি।
‘বান্ধব’-এর এই সুন্দর আয়োজন সফল হোক। বন্ধুত্বের বন্ধন হোক চির অটুট, আগামী দিনগুলো হোক আরও আনন্দময় ও স্মৃতিময়।
এএইচ
আরও পড়ুন










