ঢাকা, সোমবার   ২৭ জুলাই ২০২৬

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৩, ২৬ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় চিকিৎসকসহ তিনজনকে বরখাস্তের নির্দেশ দেন তিনি।

রোববার সকালে প্রথমে তিনি আকস্মিক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। 
এসময় ছুটি না নিয়ে দীর্ঘদিন হাসপাতালে অনুপস্থিত থাকায় মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নিকে বরখাস্ত (সাসপেন্ড) করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালককে নির্দেশ দেন মন্ত্রী। 

একইসঙ্গে হাসপাতালের এসি চুরির ঘটনায় নাইট গার্ড মোস্তফা বিশ্বাসকে বরখাস্তসহ তার বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেন।

এরপর মন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরির্শন করেন। এসময় তিনি দীর্ঘ একমাস ছুটি ছাড়া অনুপস্থিত থাকায় ডা. সোহানা সেলিম নামের এক চিকিৎসককে বরখাস্ত করার নির্দেশ দেন। 

পরে তিনি রান্নাঘর, ওয়াসরুম এবং বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। 

মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বর্তমানে বাংলাদেশে রোগীর তুলনায় চিকিৎসক কম। গত ১৭ বছরে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে সমস্যা হয়েছে। চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৫০ শয্যা হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা হচ্ছে।

এছাড়া প্রতিটি জেলা হাসপাতাল এবং মেডিকেল হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১০১ শয্যা ফিজিও থেরাপি, মডার্ণ প্যাথলিজ করা হচ্ছে প্রতিটি উপজেলায়। পরবর্তীতে এগুলোতেও ১০টি করে ডায়ালাইসিস মেশিন দেওয়া হবে।

ইউনিয়ন হেলথ কমপ্লেক্স ও ইউনিয়ন ফ্যামিলি প্লানিং সেন্টার পিপি করা হবে। এছাড়া খুব তাড়াতাড়ি ই-হেলথ কার্ড দেওয়া শুরু করা হবে যা প্রধানমন্ত্রী নিজেই দেখছেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের এমপি ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খুদা প্রমুখ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি