ঢাকা, বৃহস্পতিবার   ১৪ মে ২০২৬

২০২৭ সালের জানুয়ারির শেষে এসএসসি ও জুনে এইচএসসি: শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩২, ১৩ মে ২০২৬

Ekushey Television Ltd.

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করছে সরকার।

বুধবার (১৩ মে) বিকেলে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের এই তথ্য জানান। 

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, গত কয়েক বছরে করোনাসহ বিভিন্ন কারণে দেশের শিক্ষাব্যবস্থায় যে সেশনজট তৈরি হয়েছে, তা ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ কমানো এবং পাঠদান কার্যক্রমকে সুশৃঙ্খল রাখতে সরকার বাস্তবসম্মত সময়সূচি নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া, পরবর্তী বছরগুলোতে সেশনজট পুরোপুরি নিরসন করে পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের কারণে কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেন অতিরিক্ত দুই বছর ঝরে না পড়ে, সে জন্য আমরা ধীরে ধীরে সবকিছু সমন্বয় (সিংক্রোনাইজ) করছি। তিনি আরও বলেন, সেশনজট সম্পূর্ণভাবে বন্ধ করতে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ও একাডেমিক কার্যক্রম নিয়মিত করা হবে।

অনুষ্ঠা‌নে আই ইউ টি'র ভাইস চ‌্যা‌ন্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ র‌ফিকুল ইসলাম, প্রো- ভাইস চ‌্যা‌ন্সেলর হিসাইন আরবী নুরসহ আইইউটির বি‌ভিন্ন ডিপার্ট‌মে‌ন্টের প্রফেসর ও শিক্ষার্থীগণ অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি