ঢাকা, বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ৪ জুন ২০২৬ | আপডেট: ১২:৪২, ৪ জুন ২০২৬

Ekushey Television Ltd.

কুয়েতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। 

বুধবার (৩ জুন) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম এশিয়ার চলমান আঞ্চলিক অস্থিরতার প্রভাবে সম্প্রতি কুয়েতের আকাশসীমা একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। সর্বশেষ হামলায় চার বাংলাদেশিসহ বিভিন্ন দেশের কয়েকজন নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় একজন নিহত হওয়ার তথ্যও জানিয়েছে দূতাবাস।

আহতদের স্থানীয় ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে নিবিড় নজর রাখছে কুয়েতে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এদিকে নিরাপত্তা পরিস্থিতির কারণে বিশেষ নির্দেশনা জারি করেছে কুয়েত সরকার। নির্দেশনায় বলা হয়েছে, রকেট বা ড্রোন হামলা এবং সেগুলো প্রতিহত করার দৃশ্যের ছবি বা ভিডিও ধারণ এবং প্রচার দেশটির আইনে দণ্ডনীয় অপরাধ। 

তাই প্রবাসী বাংলাদেশিদের কুয়েতের আইন মেনে চলার পাশাপাশি এ ধরনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাম্প্রতিক হতাহতের ঘটনায় কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের দ্রুত রক্তদান করার এবং অন্যদেরও এতে উৎসাহিত করার অনুরোধ জানানো হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে সকল প্রবাসী বাংলাদেশিকে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এতে তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত হবে বলে উল্লেখ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি