অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬ অনুষ্ঠিত
প্রকাশিত : ২২:০৪, ৮ মার্চ ২০২৬
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই)-এর উদ্যোগে “অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬ – গিভ টু গেইন” শীর্ষক একটি বিশেষ সেমিনার ও নেটওয়ার্কিং অনুষ্ঠান রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন হলে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।
ডিবিসিসিআই জানায়, এ আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল “অরেঞ্জ মিটস গ্রিন”, যা নেদারল্যান্ডসের প্রতীকী রং ‘অরেঞ্জ’ এবং বাংলাদেশের ‘সবুজ’ সম্ভাবনার মিলনকে নির্দেশ করে। সংগঠনটির মতে, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দুই দেশের নারী উদ্যোক্তা, ব্যবসায়িক নেতা ও পেশাজীবীদের মধ্যে জ্ঞান বিনিময়, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ অংশীদারিত্বের নতুন সুযোগ সৃষ্টি হবে।
ডিবিসিসিআই আরও জানায়, এ উদ্যোগ নারীর নেতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন, মানসিক সুস্থতা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শুরুতে নিবন্ধন ও নেটওয়ার্কিং পর্ব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়ের সুযোগ পান। পরে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।
ডিবিসিসিআই-এর প্রেসিডেন্ট ও ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. শাকাওয়াত হোসেন মামুন “উইমেন ইন ট্রেড অ্যান্ড ডিবিসিসিআই ভিশন” শীর্ষক বক্তব্যে বাণিজ্য ও উদ্যোক্তা উন্নয়নে নারীদের ক্রমবর্ধমান ভূমিকা এবং বাংলাদেশ-নেদারল্যান্ডস বাণিজ্য সহযোগিতায় ডিবিসিসিআই-এর ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রহিমা বেগম। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং নারী উদ্যোক্তাদের সহায়তায় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
নেদারল্যান্ডসের সঙ্গে অংশীদারিত্ব জোরদারের বিষয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. হাসান আবদুল্লাহ তৌহিদ।
এছাড়া নেদারল্যান্ডস থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্ভাবন ও আন্তঃদেশীয় সহযোগিতা বিষয়ে বক্তব্য দেন স্যান্ড্রা ব্রান্ডেনবার্গ, সহ-প্রতিষ্ঠাতা, হ্যান্ডেলসরুট ডট এনএল, ট্রাইব অব নয়েজ, নিউ মিডিয়া স্কোয়াড এবং বিবিএনএল, আমস্টারডাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট এবং সেমস গ্লোবাল লিমিটেডের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। তিনি নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া মানসিক স্বাস্থ্য ও পেশাগত সুস্থতা বিষয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জোবেদা খাতুন। কর্মক্ষেত্রে মানসিক চাপ ব্যবস্থাপনা ও সুস্থতার পথ নিয়ে বক্তব্য দেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কাউন্সেলর এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার উপদেষ্টা ও কনসালটেন্ট রেহানা আক্তার রুমা।
অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে বিজিএমইএ-এর ভাইস প্রেসিডেন্ট এবং দেশ গার্মেন্টস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বিদিয়া অমৃত খান “উইমেন ড্রাইভিং ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ” শীর্ষক বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারীর অবদান তুলে ধরেন।
অনুষ্ঠানে সৃজনশীলতা ও উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক উদাহরণ স্থাপনকারী তিনজন নারী উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাঁরা হলেন— মরিয়ম নার্গিস একা (প্রোপ্রাইটর, টুইংকেল ক্রাফটস), সারমিন আক্তার (প্রোপ্রাইটর, সোয়া ফুড প্লাস) এবং মাহলায়িন রাখাইন (প্রোপ্রাইটর, ফালং জি)।
অনুষ্ঠানের শেষে ডিবিসিসিআই উইমেন কমিটির চেয়ারম্যান এবং ক্লথস আর আস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কিয়াও সেইন থে (ডলি) ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, দোয়া, ইফতার মাহফিল ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ডিবিসিসিআই-এর পরিচালনা পর্ষদের সদস্য, সাবেক সভাপতি, চেম্বারের সদস্য, বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, বিশিষ্ট অতিথি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমআর//
আরও পড়ুন










