ঢাকা, শনিবার   ১৫ আগস্ট ২০২৬

ডিএল ফিলিং স্টেশনের কোটি টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ১৫ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর এয়ারপোর্ট এলাকায় প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ফিলিং স্টেশনে ডাকাতি করে ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা লুটের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। 

শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডস্থ ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

ডিবি প্রধান জানান, চক্রটি দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এই ডাকাতির ঘটনা ঘটায় চক্রটি। এর আগেও তারা এমন বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটিয়েছে। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছ। বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।

জানা যায়, গত রোববার এয়ারপোর্ট এলাকার ফিলিং স্টেশনে ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় করা মামলার তদন্তে নেমে ডিবি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। অভিযানে ডাকাতির টাকার বড় একটি অংশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাই তাসীন আক্তার হক ডিএল ফিলিং স্টেশনটির স্বত্বাধিকারী। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি