ঢাকা, মঙ্গলবার   ০১ সেপ্টেম্বর ২০২৬

বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৯, ৩১ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

আরও বলা হয়, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এর আগে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগের এক মামলায় বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিমানবন্দর থানায় গত ২৯ আগস্ট আটক ছাত্রদল নেতাসহ কয়েকজনের নামে মামলা দায়ের করেন মো. সুমন নামের এক ব্যক্তি।

মামলার এজাহারে তিনি জানান, তাঁর বড় ভাই মালয়েশিয়া প্রবাসী। গত ২৮ আগস্ট তিনি বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারের জন্য মালয়েশিয়া থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। পরবর্তী সময়ে তিনি তার বন্ধুকে নিয়ে বিমানবন্দর থেকে বড় ভাইয়ের পরিচিত লোকের কাছ থেকে তা গ্রহণ করেন। 

সেখান থেকে মাইক্রোবাসে করে যাওয়ার সময় ওই আসামিরা স্বর্ণালঙ্কার ছিনতাই করেন বলেও অভিযোগ করা হয় মামলার এজহারে।

ওই ঘটনার পর অভিযান চালিয়ে ছাত্রদলের ওই দুইজন নেতাসহ কয়েকজনকে আটক করে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি