ঢাকা, রবিবার   ০৬ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা ক্লাবের নতুন সভাপতি আলতামাশ কবির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৯, ৬ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর অভিজাত ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ঢাকা ক্লাব লিমিটেডের ২০২৬-২০২৭ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির (মিশু)।

শনিবার ক্লাবের পরিচালনা পর্ষদের নির্বাচনে জয়লাভ করেন তিনি।

ক্লাব সূত্রে জানা গেছে, এবার নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩ হাজার ৫১৫ জন। এর মধ্যে ১ হাজার ৩৭৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের ৩৯ দশমিক ০৬ শতাংশ। সভাপতি পদে ১ হাজার ৩৭৩টি ভোটের মধ্যে বৈধ ভোট ছিল ১ হাজার ৩৬৮টি। এর মধ্যে আলতামাশ কবির পেয়েছেন ৯৭৬ ভোট, যা মোট বৈধ ভোটের প্রায় ৭১ দশমিক ৩ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম হোসেন পেয়েছেন ৩৯২ ভোট।

উল্লেখ্য, ২০২৫ সালের নির্বাচনে শামীম হোসেন ৬৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এবং সেবার আলতামাশ কবির পেয়েছিলেন ৪৯৫ ভোট। এক বছরের মাথায় বিপুল জনসমর্থন নিয়ে আলতামাশ কবির এবার ক্লাবটির শীর্ষ নেতৃত্বে এলেন।

এদিন ২০২৬-২০২৭ মেয়াদের এ পর্ষদে আরও ১০ পরিচালক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৫৩ ভোট পেয়ে তালিকায় শীর্ষে রয়েছেন তারেক আহমেদ আদেল। পরিচালনা পর্ষদে নির্বাচিত অন্য বিজয়ীরা হলেন:

ওসামা তাসীর (১,০১২ ভোট), তানভীর আজিজ খান (১,০০৩ ভোট), অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী (৯৯২ ভোট), এস এম হাফিজ আল আশাদ (৯৫৫ ভোট), নাজমা আক্তার (৯৩৭ ভোট), মো. আমিনুল হক (৯৩৭ ভোট), আম্বারীন ইসলাম (৮৭৮ ভোট), আব্দুর রহমান (৮২৯ ভোট) এবং রাব্বানি জব্বার (৮২৫ ভোট)।

অন্যদিকে, পর্ষদ নির্বাচনে পরাজিত হয়েছেন মাহমুদুর রহমান (৭৬৭ ভোট), নায়ীম মো. কাইয়ুম (৬৪৮ ভোট), আমিনুর রেজা খান (৬৩৮ ভোট), তানভীর আহমেদ মিকি (৬০৫ ভোট), ইসরাত হেলাল (৫৮৯ ভোট) এবং তুহিন রেজা (৫৭২ ভোট)।

পরিচালনা পর্ষদের নির্বাচনে মোট ১ হাজার ৩২৪টি বৈধ ভোট এবং ৪৯টি অবৈধ ভোট রেকর্ড করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি