ঢাকা, শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬

বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ১২ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশের প্রথিতযশা জ্যেষ্ঠ ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, শিক্ষাবিদ ও চিকিৎসক প্রফেসর ডা. মতিউর রহমান মোল্লা আর নেই। তাঁর মৃত্যুতে দেশের চিকিৎসাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ২৩ দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। 

মৃত্যুকালে তিনি অসংখ্য সহকর্মী, শিক্ষার্থী, রোগী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর চিকিৎসক সমাজসহ বিভিন্ন মহলের মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

প্রফেসর ডা. মতিউর রহমান মোল্লা ছিলেন দেশের অন্যতম সুপরিচিত ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জন। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং ফ্যাকাল্টি অফ ডেন্টিস্ট্রি বিভাগের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য জার্নালে তাঁর গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাঁর একাডেমিক ও পেশাগত অবদানের স্বীকৃতিও রয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে মুখমণ্ডল, চোয়াল, দাঁত ও ম্যাক্সিলোফেসিয়াল জটিলতার চিকিৎসায় তিনি দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর কাছ থেকে চিকিৎসাসেবা নেওয়া অসংখ্য রোগী এবং তাঁর অধীনে শিক্ষা ও প্রশিক্ষণ নেওয়া চিকিৎসকরা তাঁর মৃত্যুতে শোকাহত।

চিকিৎসাক্ষেত্রে তাঁর অবদান স্মরণ করে সহকর্মীরা বলেন, একজন দক্ষ চিকিৎসক ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে প্রফেসর ডা. মতিউর রহমান মোল্লার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে চিকিৎসক সমাজ, শিক্ষার্থী, রোগী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি