ছিনতাইকারীর কবলে প্রধান শিক্ষিকার মৃত্যুর ঘটনায় দু’জনের দায় স্বীকার
প্রকাশিত : ১৫:৫০, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৫১, ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর ব্যাগ ধরে টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন রুলির মৃত্যুর ঘটনায় গ্রেফতার খোকন ও রাজিব দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
আসামি খোকন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে ও আসামি রাজিব ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। জবানবন্দি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
আজ শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তারা স্বেচ্ছায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারকরা তাদের জবানবন্দি রেকর্ড করেন।
গত ২৯ আগস্ট রাতে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন বগুড়া থেকে স্বামী আব্দুল মতিনের সঙ্গে ঢাকায় আসেন।
এদিন ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে স্বামীর সঙ্গে রনজিনা ফার্মগেটের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের চিকিৎসার জন্য যাচ্ছিলেন।
পথিমধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আসতেই একটি মোটরসাইকেলে এসে রিকশার পেছন থেকে শিক্ষিকার ব্যাগ ধরে হেঁচকা টান দেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি রিকশা থেকে নিচে পড়ে যান এবং তার মাথা ফেটে যায়।
পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৪/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










