ঢাকা, রবিবার   ২০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে তিন বাসে আগুন দিল দুর্বৃত্তরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫১, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর মিরপুরে চলন্ত দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া বাড্ডায় পার্কিং করা একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর-১১ নম্বর এলাকায় শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

একই দিন মিরপুর-১ নম্বরেও একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পল্লবী থানার ওসি হাসান বাছির বলেন, দুর্বৃত্তরা একটি বাসে আগুন দিয়েছে। তবে তা নিভিয়ে ফেলা হয়েছে। কোনো হতাহতের ঘটনা নেই। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে মিরপুর-১ নম্বরের একটি বাসেও অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা করে। কিন্তু স্থানীয়দের ধাওয়ায় তারা পালিয়ে যায়। ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এ ছাড়া, রাত আটটার দিকে রাজধানীর মধ্য বাড্ডায় গাড়ির একটি গ্যারেজের সামনে আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, বাসটি আলিফ পরিবহনের। রাস্তার পাশে বাসটি পার্কিং করা ছিল। কে বা কারা পেছনের দিকে আগুন দিয়ে পালিয়ে গেছে। উপস্থিত লোকজন সঙ্গে সঙ্গে আগুন নেভায়।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার, আগারগাঁওসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া একই দিন রাতে তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এসব ঘটনায় বিভিন্ন থানায় মামলা হলেও কে বা কারা জড়িত, তা এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি।

গতকালের এসব ককটেল বিস্ফোরণের পর নগরজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, উড়ালসড়ক ও প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি