ঢাকা, শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬

১৪০ গুণী শিক্ষকের তালিকা চেয়েছে মাউশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৮, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে দেশের সংবর্ধনা যোগ্য গুণী শিক্ষকদের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার পর সম্প্রতি এক চিঠিতে মাউশি’র সকল অঞ্চলের মাধ্যমে সংশ্লিষ্টদের এ তালিকা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, আগামী ৫ অক্টোবর জাতীয়ভাবে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে। এতে জাতীয় স্টিয়ারিং কমিটি কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হবে। এ উদ্দেশ্যে ‘গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া-২০২৬’ এবং ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা ২০২৬’ অনুযায়ী শিক্ষক বাছাই করা হচ্ছে।

নির্ধারিত মানদণ্ড অনুসরণে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে ঢাকা জেলা থেকে ৭ জন এবং অবশিষ্ট ৬৩টি জেলা থেকে ১ জন করে মোট ৭০ জন গুণী কলেজ শিক্ষক এবং একইভাবে মোট ৭০ জন গুণী স্কুল শিক্ষক- সর্বমোট ১৪০ জন গুণী শিক্ষকের তালিকা ও প্রয়োজনীয় নথিপত্রের হার্ডকপি মাউশির সাধারণ প্রশাসন শাখায় পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, নির্বাচিত শিক্ষকদের সঙ্গে দ্রুত যোগাযোগের সুবিধার্থে প্রয়োজনীয় তথ্যফর্ম পূরণ করে সফটকপি মাউশি’র ‘গুণী শিক্ষকগণের তালিকা প্রস্তুত, যোগাযোগ, ছবি ও তথ্য সংগ্রহ কমিটি’র আহ্বায়ক ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) বরাবরে ই-মেইলে (dshe.eft@gmail.com) পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি