ঢাকা, শনিবার   ০৬ জুন ২০২৬

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, পিতা-পুত্র নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩০, ৬ জুন ২০২৬ | আপডেট: ১৫:৪০, ৬ জুন ২০২৬

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাছবাহী একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও পুত্র নিহত হয়েছেন। 

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের কসাইটারী শিমলারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই মাছবাহী পিকআপটি ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে।

ঘটনাস্থলে ছেলে দুলু মিয়া (২৮) নিহত হন। পিতা সিদ্দিক শেখ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান। 

স্থানীয় সূত্র ও নিহত দুলুমিয়ার চাচা শহিদুল ইসলাম জানান, আজ শনিবার সকালে একটি মোটরসাইকেলে পিতা ও পুত্র রংপুর যাওয়ার পথে রাজারহাটে রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী মাছবাহী পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পুত্র দুলু মিয়া মারা যান। 

এ সময় পিতা সিদ্দিক শেখ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতরা দুজনেই পার্শ্ববর্তী জেলা লালমনিরহাটের সিন্দুমতি ইউনিয়নের পঞ্চগ্রাম আলা বাক্স জোক মারি এলাকার বাসিন্দা।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি