ঢাকা, শনিবার   ০৬ জুন ২০২৬

বিজিবির তৎপরতায় পুশইনের চেষ্টা ব্যর্থ, ১৭ জনকে ফেরত নিলো বিএসএফ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৫, ৬ জুন ২০২৬

Ekushey Television Ltd.

নওগাঁর সাপাহার উপজেলার করমুডাংগা সীমান্তের শূন্য রেখায় অবস্থানরত নারী শিশুসহ ১৭ ব্যক্তিকে ফেরত নিয়ে গেছে। 

শুক্রবার দিবাগত রাতের যে কোনো সময় তাদেরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুনরায় ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে বলে স্থানীয় বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ শনিবার দুপুরে ঘটনাস্থল সরজমিনে গিয়ে দেখা যায়, গতকাল যেখানে রাখা হয়েছিল ১৭ জনকে। তারা আর কেউ সেখানে নেই।

এ বিষয়ে করমুডাঙ্গা গ্রামের বাসিন্দা আনছার আলী জানান, গতকাল রাত আনুমানিক ১০টা থেকে ১১টার দিকে ভারতের বিএসএফ ১৭ জনকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার সময়ে তারা অনেক কান্নাকাটি করেছে, ভারতে না যাওয়ার জন্য। তারপরও তাদের নিয়ে গেছে বিএসএফ। 

যদিও তাদের নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের কাছে যেতে দেয়নি বিএসএফ এবং এ সময় ভারতের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম হোয়াটসঅ্যাপ গ্রুপে জানান, সীমান্তের শূন্যরেখায় পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় বিএসএফ তাদের ফেরত নিয়ে গেছে।

এর আগে, শুক্রবার সকাল সাড়ে ৭টায় সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার দিয়ে ১৭ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। এদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৫  শিশু রয়েছে।

দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে এই চেষ্টা অব্যাহত রাখে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর পেয়ে ঘটনাস্থলে কড়া অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বিজিবির সার্বিক তৎপরতায় বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। 

বিজিবি সদস্যদের এমন অবস্থানে প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি