গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
প্রকাশিত : ১৭:৩০, ২৩ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
গাজীপুর সদর (মেট্রোপলিটন) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বিকেলে ধীরাশ্রম এলাকায় যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাটি সড়ক দিয়ে যাওয়ার সময় একটি মালবাহী ট্রাক সেটিকে জোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে সড়কের পাশে পড়ে যায়।
দুর্ঘটনার পর অটোরিকশায় থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ওসি আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএইচ
আরও পড়ুন










