মাদারীপুরের শিবচরে বিকল বাসে হানিফ পরিবহনের ধাক্কা, নিহত ৩
প্রকাশিত : ১৯:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বিকল বাসের পেছনে দ্রুতগতির হানিফ পরিবহনের ধাক্কায় ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ‘পালকী পরিবহন’—এর একটি বাস। পথিমধ্যে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির চাকা বিকল হয়ে পড়ে। চালক বাসটি এক্সপ্রেসওয়ের লেনে পার্কিং করে চাকা মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির ‘হানিফ পরিবহন’—এর একটি বাস বিকল বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। ফায়ার সার্ভিস জানায়, আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বিকেল ৫টার দিকে শিবচর হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পালকী পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়েতে পার্কিং করা অবস্থায় ছিল। দ্রুতগতির হানিফ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধারকাজের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এমএইচ
আরও পড়ুন










