ঢাকা, বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬

কলেজছাত্র নাঈম হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ রবিউল আউয়াল এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নুরুল ইসলাম, মো. সাইমন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। তাদের মধ্যে নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার বাড়িতে চাঁদা নেওয়ার জন্য নুরুল ইসলামসহ কয়েকজন আসামি প্রবেশ করেন। এ সময় তারা চেরাগ মিয়া ও তার স্ত্রী শামসুন নাহারকে গালাগাল ও মারধর করেন।

বাবা-মাকে মারধরের ঘটনা থামাতে এগিয়ে গেলে আসামিরা নাঈমকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দুই দিন পর ৯ নভেম্বর নাঈমের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় নয়জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে চার আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাদের মৃত্যুদণ্ড দেন। একইসঙ্গে মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়।

রায়ে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৬৮(১) ধারার বিধান অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী বলেন, “আদালতে প্রকৃত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ রায়ে বাদী পক্ষসহ মানুষের আইনের প্রতি আস্থা ও শ্রদ্ধা আরও বাড়বে।”

নিহত নাঈমের বাবা চেরাগ মিয়া ও স্বজনরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত রায় কার্যকর এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি