ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
প্রকাশিত : ১৩:৪৫, ২২ অক্টোবর ২০২৬
পাবনার ভাঙ্গুড়ায় চার ডিলারের গুদামে প্রায় তিন হাজার বস্তা সার মজুতের সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার গভীর রাতে ছাত্রদলের বিক্ষোভের মুখে প্রশাসনের অভিযান চালিয়ে এসব সারের সন্ধান মেলে।
এ ঘটনায় ডিলারদের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠক ডাকা হয়েছে।
কৃষকদের অভিযোগ, বাজারে ন্যায্যমূল্যে সার না পেয়ে অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। সার সংগ্রহে দোকান ও উপজেলা পরিষদ চত্বরে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে তাঁদের।
এ অবস্থায় ইবনুল ট্রেডার্স, আকাশ ট্রেডার্স, কনক ট্রেডার্স ও রহমান ট্রেডার্সের গুদামে সার মজুতের অভিযোগে বুধবার রাতে বিক্ষোভ করেন ছাত্রদল নেতাকর্মীরা। পরে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান ও ওসি সাকিউল আজমের উপস্থিতিতে গুদামগুলোতে তল্লাশি চালানো হয়।
এ সময় প্রায় তিন হাজার বস্তা সার পাওয়া যায়।
ছাত্রদলের নেতারা সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান বলেন, খানমরিচ ও দিলপাশার ইউনিয়নের কৃষকদের চাহিদা মেটাতে চলতি সপ্তাহে এসব সার মজুত করা হয়েছে। এটি নিয়মিত কার্যক্রমের অংশ।
কৃষকরা যথাসময়ে সার পাচ্ছেন এবং ভবিষ্যতেও পাবেন বলে জানান তিনি।
এএইচ
আরও পড়ুন










