ঢাকা, সোমবার   ০২ নভেম্বর ২০২৬

গাজীপুরে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৬, ২ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়া সেখানে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।

আজ সোমবার সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া ও রিসার্চ সেলের সহকারী কমিশনার আরিফ হোসাঈন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।  

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের এসপি আমজাদ হোসেন বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক এলাকায় বিজিবি, শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে তারা কাজ করছেন।

শিল্পকারখানার শ্রমিকদের বেতন কাঠামো নির্ধারণে সরকার মজুরি বোর্ড গঠন করা সত্ত্বেও আজ গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুত এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে তারা অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাট ভাঙচুর করেন।

এদিকে, নাওজোড় এলাকায় বিক্ষুব্ধরা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, দু-একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে পুরো রাস্তা সচল আছে বলে জানান গাজীপুর পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি