গদখালী-পানিসারায় পর্যটক হয়রানি করলে ছাড় নয় : সার্কেল এএসপি
প্রকাশিত : ১৫:৫৫, ১১ নভেম্বর ২০২৬
যশোরের ঝিকরগাছার ফুল পর্যটনকেন্দ্র পানিসারা-গদখালীকে পর্যটকদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: আরিফ হোসেন।
ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে পানিসারা হাড়িয়ার ফুল মোড়ে মঙ্গলবার বিকালে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোরগ্যাং প্রতিরোধে এই গণসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাভারন সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: আরিফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ।
প্রধান অতিথি সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: আরিফ হোসেন সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের সবাইকে মনে রাখতে হবে পর্যটকরা আমাদের সম্মানিত অতিথি। তারা এখানে বেড়াতে আসেন বলেই আমাদের ফুলের রাজ্য আরো সমাদৃত বিকশিত-প্রস্ফুটিত ও মোহনীয় সৌন্দর্যের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির অপার সম্ভাবনার এক মহীসোপান। আমরা তা নষ্ট হতে দিতে পারি না।
সম্প্রতি ফুলের রাজ্যে বেড়াতে আসা কতিপয় উশৃংখল উঠতি বয়সী বখাটে ছেলে কর্তৃক পর্যটকদের হেনস্থা করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার তীব্র সমালোচনা করে কিশোরগ্যাংযের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, সুস্থ বিনোদনের আশায় পরিবার পরিজন-আত্মীয়-স্বজন নিয়ে বেড়াতে আসা কোন পর্যটক হেনস্থার শিকার কিংবা কোন প্রকার অসৌজন্যমূলক ও উশৃংখল আচরণ করা হলে কাউকে ছাড় দেয়া হবে না।
পর্যটকদের সাথে আমাদের সম্পর্ক হতে হবে সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন এ কথা মনে রাখতে হবে। সেই সাথে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনসচেতনতাই বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন তিনি।
অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুস সাত্তার, নাভারন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মিনু, গদখালি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: তবিবর রহমান, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান লিটু, পানিসারা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ডাক্তার আবুল খায়ের, ইউনিয়ন কৃষক দলের সভাপতি মনজুরুল হক, গদখালী ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুর রহিম প্রমুখ।
এএইচ
আরও পড়ুন










