ঢাকা, বুধবার   ১১ নভেম্বর ২০২৬

‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই ফিরতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৩, ১১ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

মানবতাবিরোধী অপরাধে মৃত্যদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাকে আইন মেনেই ফিরতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ফিরতে চাইলে আইন মেনেই তাকে দেশে ফিরতে হবে। তবে দেশে ফিরেও শেখ হাসিনা যে আপিল করতে পারবেন না, এটি আবুল কালাম আজাদের মামলাতেই পরিষ্কার হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরানো আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ওপর নির্ভর করে। এটি নিয়ে ইতোমধ্যে সরকার ও চিফ প্রসিকিউটর সবই পরিষ্কার করেছেন।

সম্প্রতি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন বরাবর যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে শেখ হাসিনার পক্ষে ওই আবেদন করা হয়। এরপর থেকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি