খুলনায় নগর ভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ
প্রকাশিত : ১২:০১, ১৬ নভেম্বর ২০২৬
গভীর রাতে মোটরসাইকেলে এসে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনের বাইরের সড়ক থেকে সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। পরে তারা ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে। সেখানে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিভে যায়।
নগর ভবনের দায়িত্বরত নাইটগার্ড নূর ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে নগর ভবনে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সেটি ভবনের মূল সিঁড়িতে পড়ার পরপরই আগুন ধরে যায়। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মোটরসাইকেলযোগে দুই যুবক এসে এ হামলা চালায় বলে অপর একটি ভবনের দারোয়ান জানিয়েছেন।
হামলাকারীরা কেসিসি ভবনের বাইরের দেয়ালে লাল কালি দিয়ে যুবলীগ লিখে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
খুলনা সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন জানান, সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হই। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর ফেলা হয়েছিল। স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় কোনো বিপদ ঘটেনি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর পড়েছিল। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। শুধু সিঁড়িতে সামান্য দাগ পড়েছে।
তিনি আরও বলেন, যে মোটরসাইকেল থেকে পেট্রোল বোমাটি নিক্ষেপ করা হয়েছে, সেটি শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এএইচ
আরও পড়ুন










