বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ
প্রকাশিত : ১৫:৪৫, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৫২, ১৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ।
সোমবার দুপুরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের মূল ক্যাম্পাসে উপাচার্যের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের কাছে পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পরীক্ষা নিয়ন্ত্রক। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ পরীক্ষায় ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। ছাত্রীরা পাস করেছেন ৬৮ দশমিক ২১ শতাংশ, আর ছাত্রদের পাসের হার ৬২ দশমিক ১০ শতাংশ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে মোট নিবন্ধিত শিক্ষার্থী ছিলেন ৪৬ হাজার ৭৬৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী ১৬ হাজার ২২২ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন।
উত্তীর্ণদের মধ্যে ১৬ জন জিপিএ-৫ ছাড়াও ‘এ’ গ্রেডে এক হাজার ৫০৮ জন, ‘এ মাইনাস’ গ্রেডে তিন হাজার ৩০২ জন, ‘বি’ গ্রেডে তিন হাজার ৫২৪ জন, ‘সি’ গ্রেডে দুই হাজার ১০৭ জন এবং ‘ডি’ গ্রেডে ৪৬ জন রয়েছেন।
বিভাগভিত্তিক ফলাফলে মানবিক শাখায় ১৫ হাজার ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৯১৭ জন। এ বিভাগে পাসের হার ৬৫ দশমিক ৭৩ শতাংশ। ব্যবসায় শিক্ষা শাখায় ৮৩০ জনের মধ্যে পাস করেছেন ৪১৩ জন। এ বিভাগে পাসের হার ৪৯ দশমিক ৭৬ শতাংশ। বিজ্ঞান শাখায় ৩০৫ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৭৩ জন। এ বিভাগে পাসের হার ৫৬ দশমিক ৭২ শতাংশ।
আঞ্চলিক কেন্দ্রভিত্তিক ফলাফলে ১২টি কেন্দ্রের মধ্যে বগুড়া ৭৭ দশমিক ৯৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রাজশাহী (৭৭.৭২ শতাংশ), তৃতীয় ময়মনসিংহ (৭৩.১০ শতাংশ)। এ ছাড়া বরিশালে ৭২.৪৮, যশোরে ৭২.২৮, কুমিল্লায় ৭০.৩৬, সিলেটে ৭০.০৩, খুলনায় ৬৮.৭৪, ফরিদপুরে ৬৫.৪৯, রংপুরে ৬৪.১৪, ঢাকায় ৬০.১৩ এবং চট্টগ্রামে ৪৮.৩৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
এএইচ
আরও পড়ুন










