ঢাকা, বুধবার   ১৮ নভেম্বর ২০২৬

ভাঙ্গায় আ.লীগের হামলায় কৃষক দল নেতা নিহত, ৩ মোটরসাইকেলে আগুন

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৪, ১৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর ) রাতে ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিদদী বাসস্টান্ডে এলাকায় এ ঘটনা ঘটে। 

কৃষক দল নেতা রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার পুত্র এবং সে ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক। 

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কে জড় হয়ে  আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে,ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। 

এসময় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে রাজু মোল্লার উপর হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাকে ভাঙ্গা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনার পর থেকে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এ সময় প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। 

এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তানজিরুল ইসলাম বলেন, রাজু মোল্লা নামের এক লোককে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা পরীক্ষার নিরীক্ষা করে দেখতে পাই সে আগেই মারা গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি