ঢাকা, মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী, দেখতে যাননি প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩১, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৪, ১৭ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

হৃদযন্ত্রে দুটি রিং (স্টেন্ট) বসানোর পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হাসপাতাল থেকে মিন্টুরোডের বাসায় ফেরেন তিনি।

এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)সহ একটি প্রতিনিধিদল। 

এছাড়া তাঁকে দেখতে হাসপাতালে যান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্য) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং সংগঠনটির সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। 

এছাড়া সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে ফুল পাঠিয়ে স্বাস্থ্যমন্ত্রীর প্রতি শুভেচ্ছা ও সহমর্মিতা জানিয়েছেন।

তবে স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতার খবর এবং হাসপাতালে বিশিষ্টজনদের উপস্থিতির মধ্যেও তাঁকে দেখতে যাননি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তাঁর এই অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক ও সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে। 

এদিকে স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতার সময়ে প্রতিমন্ত্রীর অনুপস্থিতিকে কেউ কেউ স্বাভাবিক রাজনৈতিক সৌজন্যের ঘাটতি হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বিষয়টিকে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া ও নেতৃত্বের সমন্বয়ের প্রশ্ন হিসেবে বিবেচনা করছেন। 

রাজনৈতিক মহলের মতে, মন্ত্রিসভার একজন সদস্য অসুস্থ হলে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীর পক্ষ থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়া নিছক আনুষ্ঠানিকতা নয় এটি পারস্পরিক সৌজন্য, দায়িত্ববোধ ও প্রাতিষ্ঠানিক সমন্বয়েরও বহিঃপ্রকাশ। ফলে এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে প্রতিমন্ত্রীর দৃশ্যমান অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।

সংশ্লিষ্টরা বলছেন, প্রতিহিংসার রাজনীতি আর কতদিন চলবে? তারা চায়, প্রতিহিংসার রাজনীতি ভুলে সবাই মিলেমিশে কাজ করুক৷ এতে এগিয়ে যাবে বাংলাদেশ।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর  রাজধানীর একটি হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদ্‌যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শে তাঁর দুটি ব্লকে রিং ( স্টেন্ট) পরানো হয়। অপর ব্লকটি ডায়ালেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি